বাংলাদেশ পুলিশের উদ্যোগে সারা দেশে ৬ হাজার ৯১২টি বিটে একযোগে নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জানান, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে বাংলাদেশ পুলিশের বিট পুলিশিং কেন্দ্রের ৬ হাজার ৯১২টি ফেইসবুক পেইজে। সারা দেশে লাখ লাখ নারী ও পুরুষ সশরীরে উপস্থিত ছিলেন এবং কোটি কোটি দর্শক ও সাধারণ মানুষ এই সমাবেশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। নিঃসন্দেহে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনবিরোধী সচেতনতা সৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, ইতিমধ্যেই প্রতিটি বিটের নিজস্ব একটি ফেইসবুক পেইজ খোলা হয়েছে। তিনি আরও জানান, নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী সমাবেশে পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, নারী ও শিশু অধিকার কর্মী, স্থানীয় নারী ও স্কুল-কলেজের ছাত্রী উপস্থিত ছিলেন। সমাবেশে তারা ধর্ষণসহ যেকোনো প্রকার নারী ও শিশু নির্যাতন রোধে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করতে এবং নির্যাতিত নারী ও শিশুর পাশে থাকতে সবাইকে আহ্বান জানান। নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো প্রকার অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সোচ্চার রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থনে এ ধরনের অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর বাংলাদেশ পুলিশ।
