কৃষ্ণ সাগরে নতুন করে আরও ৮৫ বিলিয়ন কিউবিক মিটার গ্যাসের মজুদ পেয়েছে তুরস্ক।
খনিজ অনুসন্ধানী জাহাজ ফাতিহ থেকে শনিবার এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
আলজাজিরা জানায়, এর আগে গত আগস্টে একই গ্যাসক্ষেত্রে ৩২০ বিলিয়ন কিউবিক মিটার গ্যাসের সন্ধান পাওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল যা তুরস্কের ইতিহাসে প্রাকৃতিক গ্যাসের বড় আবিষ্কার।
গ্যাসক্ষেত্রটি থেকে ২০২৩ সাল নাগাদ গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করা হচ্ছে।
গ্যাস উত্তোলন শুরু করা হলে জ্বালানি আমদানিতে রাশিয়া, ইরান ও আজারবাইজানের ওপর তুরস্কের নির্ভরতা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের অর্থনীতিতে মন্দা চলছে। ডলারের বিপরীতে দেশটির মুদ্রা লিরার রেকর্ড পতন হয়েছে।
গ্যাসক্ষেত্রটির উৎপাদন বাণিজ্যিকভাবে শুরু করতে পারলে মন্দা কাটিয়ে তুরস্কের অর্থনীতিকে আরও গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। জ্বালানি আমদানিতে কমে আসবে খরচ। শুধু গত বছরই জ্বালানি আমদানির জন্য ৪ হাজার ১০০ কোটি ডলার খরচ হয়েছে দেশটির।
