ঢাকার ধামরাইয়ে গ্রাম পুলিশকে মারধরের মামলার প্রধান আসামি কৃষক দল নেতা ওবাইদুল্লাহ খান (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সকালে তাকে সাভার থেকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা-পুলিশ। এর আগে, শনিবার রাতে ধামরাই থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী গ্রাম পুলিশ ফজল হক।
গ্রেপ্তার ওবাইদুল্লাহ খান ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের বাসিন্দা এবং সে কৃষক দলের নেতা বলে জানা গেছে।
থানা-পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাবকে ফাঁসাতে ভিজিডির চাল বিক্রির কথা বলাতে গ্রাম পুলিশ ফজল হককে মারধর করেছে ওবাইদুল্লাহসহ আরও কয়েকজন। এ ঘটনায় ভুক্তভোগী ফজল হক শনিবার রাতে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার এজাহারভুক্ত আসামি ওবাইদুল্লাহকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ফজল হকের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ওবাইদুল্লাহকে। এ ঘটনায় তাকে দুপুরেই আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
