ব্যক্তি মালিকানাধীন বেসামরিক বাণিজ্যিক কার্গো বিমানে করে রাশিয়া থেকে আর্মেনিয়ায় অস্ত্র পাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
তুরস্কের একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন অভিযোগ করেন। খবর: ট্রেন্ড নিউজ।
আজেরি প্রেসিডেন্ট বলেন, ‘আর্মেনিয়া সম্প্রতি একটি বিমান কিনেছে। রাশিয়ায় বসবাসরত আর্মেনীয় ব্যবসায়ীরা এটি কিনেছে। ওই বিমানে করে রাশিয়ায় বসবাসরত আর্মেনীয়দের আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠাচ্ছে।’
তিনি বলেন, ‘ওই বিমান কেনার ফলে আর্মেনিয়ার নিজ দেশে অস্ত্র পাচার করে আনার সুযোগ হয়েছে।’
আলিয়েভ বলেন, “সামরিক পণ্য পরিবহনের সময় প্রত্যেকবার আপনাকে তা ঘোষণা দিয়ে নিতে হবে। তাদের বক্তব্য অনুযায়ী এটি বেসামরিক কার্গো বিমান। অথচ এই বিমান দিয়ে তারা ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘কর্নেট’ ও ‘কনকুরস’ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইগলা’ পরিবহন করছে।”
তিনি আরও বলেন, ‘আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা রাশিয়ায় কেনা ক্ষেপণাস্ত্র পাচার করছে। তাই আমরা আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থাকে বিষয়টি খতিয়ে দেখতে এবং তা বন্ধ করতে বলেছি। এটা আন্তর্জাতিক অপরাধ।’
আজেরি প্রেসিডেন্ট বলেন, ‘আর্মেনিয়ায় অস্ত্র পাচার অগ্রহণযোগ্য। রুশ কর্তৃপক্ষ আমাদের বলেছে তারা আর্মেনিয়ায় অস্ত্র পাঠাচ্ছে না। রাশিয়ায় বসবাসরত ব্যবসায়ী ও ধনকুবেররা কারখানা থেকে অবৈধভাবে এসব অস্ত্র কিনে আর্মেনিয়া পাঠাচ্ছে।’
আর্মেনিয়ার দখলে থাকা নাগরনো-কারাবাখ পুনরুদ্ধার নিয়ে গত ২৭ সেপ্টেম্বর থেকে দেশটির সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে আজারবাইজান। গত ৩০ বছর ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই আজেরি ভূখণ্ড দখল করে রেখেছ আর্মেনিয়া।
