তুরস্কে সংযুক্ত আরব আমিরাতের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে তুর্কি গোয়েন্দা সংস্থা।
আলজাজিরা জানায়, আহমেদ আল-আস্তাল নামে ৪৫ বছর বয়সী ওই সাংবাদিক মূলত জর্দানের নাগরিক। তবে ফিলিস্তিন থেকে তিনি তুরস্কে গেছেন।
আরব অসন্তুষ্টির ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে শুক্রবার তাকে গ্রেপ্তার করে তুরস্কের গোয়েন্দা সদস্যরা।
ওয়াশিংটন পোস্টকে নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের এক কর্মকর্তা জানান, আল-আস্তাল তুরস্কে সাংবাদিক হিসাবে কাজ করছিলেন।
তিনি বলেন, ‘আল-আস্তালকে এই সপ্তাহে আদালতে হাজির হওয়ার কথা রয়েছে। তিনি সংযুক্ত আরব আমিরাতের হয়ে কাজ করার কথা স্বীকার করেছেন।’
রয়টার্স জানায়, আস্তালের কাছ থেকে ‘গুরুত্বপূর্ণ নথিপত্র’ পাওয়া গেছে বলে দাবি করেছে তুরস্ক, যা আরব আমিরাতের সঙ্গে তার যোগাযোগ প্রমাণ করে
তুরস্কের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আটককৃত ব্যক্তি আমিরাতি পাসপোর্ট ব্যবহার করে সাংবাদিক নেটওয়ার্কে ঢুকে পড়েছিলেন এবং বছরের পর বছর ধরে গুপ্তচরবৃত্তি চালিয়ে যাচ্ছিলেন।’
