৫৮৫ কোটি টাকা অলাভজনক প্রতিষ্ঠানে এফডিআর

বিআইএফএফএলের ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০২:৫৪ এএম

বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) প্রায় ৫৮৫ কোটি টাকা দুটি বেসরকারি ব্যাংক ও অতালিকাভুক্ত ১২ আর্থিক প্রতিষ্ঠানে এফডিআর হিসাবে জমা রাখার অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সমন্বিত জেলা কার্যালয়ে করা মামলার আসামিরা হলেন বিআইএফএফএলের সাবেক নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম ফরমানুল ইসলাম ও ট্রেজারি বিভাগের প্রধান এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. নিসারুল কবির।

এজাহারে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেন। তারা নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এবং অন্যকে লাভবান করার জন্য বিআইএফএফএলের পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগের ডিএফআইএম সার্কুলার ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিপত্র অমান্য করেন। তারা বিআইএফএফএলের টাকা লোকসানি বেসরকারি ব্যাংক এবং অতালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখেন। যার মধ্যে দুই বেসরকারি ব্যাংক এবং ১২টি অতালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানে এসব অর্থ এফডিআর হিসেবে রাখা হয়। এর মধ্যে দুটি ব্যাংকে ১৫০ কোটি ৩ লাখ ৯৩ হাজার ৬৩৫ হাজার ও ১২টি প্রতিষ্ঠানে ৪৩৪ কোটি ৬৩ লাখ ২১ হাজার ২৬ টাকা রাখা হয়। অর্থাৎ ১৪ প্রতিষ্ঠানে জমা রাখা হয় ৫৮৪ কোটি ৬৭ লাখ ১৪ হাজার ৬৬১ টাকা। যা ফেরত পাওয়ার সম্ভাবনা নেই।

দুদকের অনুসন্ধান বিভাগের তথ্য অনুযায়ী এসব অর্থ ফেরত দেওয়ার কথা ওই ১৪ প্রতিষ্ঠানের। যা ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের শামিল। তাই তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত