পকেটে ‘সুইসাইড নোট’ রেখে রেললাইনে যুবকের আত্মহত্যা

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০২:৩৯ পিএম

রাজশাহীতে পকেটে সুইসাইড নোট লিখে রেখে রেললাইনে মাথা পেতে দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার সকালে রাজশাহী নগরীর বিলশিমলা বন্ধগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম এমরুল হাসান (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকার ফিটু মিয়ার ছেলে। এমরুলের পকেট থেকে দুটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

সুইসাইড নোটে এমরুল লিখেছেন, ‘জালাল, কালাম ও তাদের ছেলে রানা অনেকে আমার হাত ও পা ভেঙেছে। এই কষ্টে আমি জলে পুড়ে যাচ্ছিলাম। আমার হাত ও পা ভাঙার কারণে বাড়ির সামনের রাস্তা দুইবার বন্ধ করে দেয়।’

তার কাছে কে কত টাকা পাবে তাও চিরকুটে উল্লেখ করেছেন এমরুল।

মৃত্যুর পর কোন মোবাইল নম্বরে ফোন করে খবর দেয়া যাবে সে কথাও চিরকুটে লেখা আছে। তার মরদেহ কোন কবরস্থানে দাফন করা হবে সেটিও লেখা হয়েছে।

দুটি চিরকুটের একটিতে এমরুল লিখেছেন, ‘আমার জীবনে আমার আপনজন আমার মা, বেটি (মেয়ে) ও স্ত্রী। তিনজন আমার প্রিয়। আমাকে আর ভাল লাগছে না। আমার লেখা কাগজ দুইটা আমার স্ত্রীকে দিবেন। কাগজের ফটোকপি পুলিশকে দিবেন। কাগজের মেন কপি দুইটা আমার স্ত্রীকে দিবেন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে এমরুল ক্র্যাচে ভর দিয়ে রেললাইনের পাশ ধরে হাঁটছিলেন। ওই সময় রাজশাহী থেকে রহনপুরগামী একটি কমিউটার ট্রেন আসে। ট্রেনটি খুব কাছে চলে এলেই এমরুল রেললাইনে মাথা পেতে দেন। এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। রেললাইনের পাশে পড়ে থাকে এমরুলের দেহ আর তার ক্র্যাচ।

নিহত এমরুলের স্ত্রী আয়েশা বেগম জানান, গত সোমবার চিকিৎসার জন্য তারা রাজশাহী এসেছেন। নগরীর তেরোখাদিয়া এলাকায় তারা তার এক আত্মীয়ের বাড়িতে ওঠেন।

সকালে এমরুল তার স্ত্রীকে জানান, তিনি চা পান করতে বের হচ্ছেন। এরপর তিনি রেললাইনে মাথা পেতে আত্মহত্যা করেন। পরে পুলিশ চিরকুটে থাকা তার বোনের নম্বরে ফোন করে বিষয়টি অবহিত করে।

আয়েশা জানান, প্রায় পাঁচ মাস আগে জালাল ও কালামেরা তাদের জমি দখল করে বাড়ি করেছেন। ইমরুল বাধা দিতে গেলে পিটিয়ে তার হাত ও পা ভেঙে দেয়া হয়। তার স্বামীকে ক্র্যাচে ভর দিয়ে চলতে হত। জমি দখলের বিষয়ে মামলা করলেও হাত-পা ভাঙার কারণে দৌড়াদৌড়ি করতে পারতেন না। সে কারণে জমিও উদ্ধার করতে পারেননি। ক্ষোভে তার স্বামী আত্মহত্যা করেছেন।

রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, রেলওয়ে থানা-পুলিশ নিহত এমরুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত