বৃহত্তর উত্তরা-তুরাগ শাখা, ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিব হাসানের সঙ্গে মতবিনিময় করেছে।
মঙ্গলবার রাতে উত্তরা ১২ নম্বর সেক্টর সংলগ্ন খালপাড় ট্রাক স্ট্যান্ডে এক দোয়া অনুষ্ঠানে নৌকার মনোনীত প্রার্থী হাবিব হাসান প্রধান অথিতির বক্তব্য রাখেন।
মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী আবুল হাসেমের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএনসিসি ৪৯, ৫০, ৫১, ৫৩ নম্ব ওয়ার্ডের কাউন্সিলররা। ৫২, ৫৩, ৫৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর কমলা রানী মুক্তাও উপস্থিত ছিলেন। এ ছাড়া তুরাগ ও উত্তরা থানা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আয়োজনটিতে উপস্থিত হন।
রাত সাড়ে ১১টার পর মত বিনিময় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবার দোয়া কামনা করেন, আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান।
এ সময় তিনি বলেন, ‘তৃণমূলের গুরুত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো করেই বুঝেন। আর তাই তৃণমূল থেকে বাছাই করে আমাকে মনোনীত করেছেন। আপনারা যারা শ্রমিক রয়েছেন তারাই তৃণমূলের নিবেদিত প্রাণ। এত রাতেও আপনারা আমার জন্য বসে আছেন। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে।’
এ সময় তিনি ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিতে সবাইকে অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী আবুল হাসেম বলেন, ‘হাবিব হাসান আমাদের তুরাগের সন্তান। স্বাধীনতার পর এই প্রথম তুরাগের কোনো সন্তান মহান জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি হয়ে প্রবেশ করবে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এবং একই সাথে বিরাট গর্বের বিষয়।’
তিনি বলেন, ‘হাবিব ভাইয়ের কাছে আমাদের একটাই দাবি, আমার শ্রমিক ভাইয়েরা যেন সুখে-দুঃখে আপনাকে পাশে পায়।’
মতবিনিময় সভায় বরিশাল সোসাইটির সভাপতি শাহ আলম বলেন, ‘ঢাকা-১৮ আসনে হাবিব হাসানের জয় মানেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়, ঢাকা-১৮ আসনে হাবিব হাসানের জয় মানেই বঙ্গবন্ধুর স্বপ্নের জয়, ঢাকা-১৮ আসনে হাবিব হাসানের জয় মানেই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জয়। আর সর্বোপরি, ঢাকা-১৮ আসনে হাবিব হাসানের জয় মানেই এই বাংলাদেশের আঠার কোটি মানুষেরই জয়।’
