ড. কামালকে বহিষ্কার করা হতে পারে : সুব্রত চৌধুরী

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০১:৫৬ এএম

গঠনতন্ত্রবিরোধী কর্মকান্ডের জন্য প্রয়োজনে দলের সভাপতি ড. কামাল হোসেনকেও গণফোরাম থেকে বহিষ্কার করা হতে পারে বলে জানিয়েছেন সংগঠনটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তিনি বলেছেন, গণফোরামের সভাপতি ড. কামালকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হবে। জবাব সন্তোষজনক না হলে চূড়ান্তভাবে প্রয়োজনে তাকেও গণফোরাম থেকে বহিষ্কার করা হতে পারে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে সুব্রত চৌধুরী বলেন, আগামী ২৬ ডিসেম্বর যে সম্মেলন হবে সেখানে কামাল হোসেন এলে তাকে নিয়ে আমরা গণফোরামকে সামনের দিকে নিয়ে যাব। আর তিনি যদি ড. রেজা কিবরিয়া এবং তার আশীর্বাদপুষ্ট যে দুষ্টচক্রটি গণতন্ত্রহীন ও স্বেচ্ছাচারিতামূলক কর্মকান্ড চালায় তাদের পক্ষ নেন, তাহলে সম্মেলনের আগেই আমরা তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি।

তিনি আরও বলেন, দলে গঠনতন্ত্রবিরোধী যত কর্মকান্ড হচ্ছে, তা তার সম্মতিক্রমেই হচ্ছে। তিনি সভাপতি হোন বা সদস্যই হোন, গঠনতন্ত্রবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা গঠনতন্ত্রেই উল্লেখ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত