দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০২:৪৭ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য পাঁচ দিন বন্ধ থাকবে।

তবে ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক থাকবে। ভারতের চ্যাংরাবান্ধা বর্ডারের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন। আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে ২৮ অক্টোবর বুধবার পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম। এ কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে টানা পাঁচ দিন ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা।

বুড়িমারী স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার (এসি) সোমেন কান্তি চাকমা জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হলে স্থলবন্দরের কাজ প্রায় বন্ধ হয়ে যায়। তবে এ সময় কাস্টমস কার্যালয় খোলা থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  বুড়িমারী স্থলবন্দর কাস্টমস কার্যালয় ২৬ অক্টোবর সোমবার ১ দিন বন্ধ  থাকবে।

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দর এক্সপোটার অ্যাসোসিয়েশন, সি.অ্যান্ড.এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও চ্যাংরাবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়ে একটি চিঠি দিয়েছে। এ কারণে আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে ২৮ অক্টোবর বুধবার পর্যন্ত টানা ৫ দিন বুড়িমারী বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। 

বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) আনোয়ার হোসেন বলেন, স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত