দেশে শিশু-কিশোর ও নারী নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ-হত্যা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায় সংগঠনটি। এসব অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সংগঠনটির নেতারা।
বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি নোয়াখালীসহ পাহাড়ে ও সমতলে নারী, শিশু ও কিশোর-কিশোরীর প্রতি যে বর্বর নির্যাতন চালানো হয়েছে, এমনকি মাদ্রাসার কোমলমতি শিশুরাও পৈশাচিকতার শিকার হচ্ছে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। একই সঙ্গে অপরাধ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে খেলাঘর।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতের নেতৃত্ব যাদের হাতে; সেসব শিশু-কিশোরের বর্তমান পরিস্থিতি এ দেশে অত্যন্ত নাজুক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের শিশু-কিশোরদের পূর্ণ মর্যাদাবান মানুষরূপে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। সবার মেলবন্ধনে নিরাপদ থাকবে আজকের শিশু-কিশোর, নারী তথা সর্বশ্রেণির মানুষ; সুরক্ষিত হবে আগামীর বাংলাদেশ। শিশুর জন্য অঙ্গীকারাবদ্ধ এ আলোর মিছিল ক্রমেই আলোকিত করবে পুরো পৃথিবীকে।
