গভীর নিম্নচাপের প্রভাব থাকতে পারে আরও দু-একদিন

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০২:২৯ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও দু-একদিন স্থায়ী হতে পারে।

শুক্রবার আবহাওয়াবিদ আবদুর রহমান খান বিবিসি বাংলাকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তরের ধারণা অনুযায়ী আজ (শুক্রবার) দুপুর বা সন্ধ্যায় নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করতে পারে।

এর ফলে শুক্রবার সারাদিন এবং শনিবার দুপুর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো বাতাস অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন এই আবহাওয়াবিদ।

তিনি বলেন, ‘আগামীকাল (শনিবার) দুপুর থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করতে পারে। রবিবার সকাল থেকে বাতাসের গতিবেগ, বৃষ্টি এবং মেঘ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে ধারণা করা যেতে পারে।’

তবে বিবিসি ওয়েদার বলছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে শুক্রবার বিকেলের পর থেকেই বৃষ্টি কমে আসতে পারে এবং শনিবার সেসব এলাকায় মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে।

এদিকে সকাল ৭টার আবহাওয়া ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

গভীর নিম্নচাপটির প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত