আগামী ২৬ ডিসেম্বর দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল সফল করতে আগামী নভেম্বর মাসকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করেছেন গণফোরামের বিদ্রোহী অংশের নেতারা। গতকাল শুক্রবার মতিঝিলের আরামবাগের ইডেন কার্যালয়ে কাউন্সিল প্রস্তুতি পরিষদের আহ্বায়ক মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে এক সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কাউন্সিলকে সর্বাঙ্গীণ সফল ও সংগঠনকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে নভেম্বর মাসকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রমে ব্যাপকভাবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন, জেলা ও উপজেলা সফর, সম্মেলন, কমিটি পুনর্গঠনসহ সভা, সমাবেশ, পোস্টার, লিফলেট বিতরণের পাশাপাশি জনদুর্ভোগ ও সরকারের নানান দুর্নীতি, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ব্যাপক অনিয়মের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচি সফল করার জন্য ৬৪ জেলাকে ১৫টি অঞ্চলে ভাগ করে নেতাদের সমন্বয়ে ১৫টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে।
সভায় বক্তব্য দেন নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, নির্বাহী সভাপতি ও দলের মুখপাত্র সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আব্দুল হাসিব চৌধুরী, খান সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন, লতিফুল বারী হামীম, আতাউর রহমান, অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম, রওশন ইয়াজদানী, নাসির হোসেন, নীলুফার ইয়াছমিন শাপলা, ওমর ফারুক, মুহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।
