সাভারে শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০৬:০৮ পিএম

সাভারে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষণকারী কামাল হোসেন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ। এর আগে শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ছায়াবীথি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীর বাবার বরাত দিয়ে পুলিশ জানায়, ওই শিশুর বাবা ও মা পোশাক শ্রমিক। তারা তাদের সন্তানকে বাসায় রেখে কারখানায় কাজে যান। শুক্রবার সকালে শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে প্রতিবেশী কামাল হোসেন। পরে শিশুটির মা কারখানা থেকে বাসায় ফিরলে ঘটনা খুলে বলে ওই শিশু। এ ঘটনায় রাতে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী ওই শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত