আশুলিয়ায় মিনি ক্যাসিনো সরঞ্জাম ও মাদকসহ আটক ২১

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০২:৪৫ পিএম

আশুলিয়ায় অভিযান চালিয়ে মিনি ক্যাসিনোর সরঞ্জাম ও মাদকসহ ২১ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) এর একটি অভিযানকারী দল।

রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুুলিশ সুপার অণু মং। এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন- জামালপুর জেলার মো. বিল্লাল (৩৮), মো. সবুজ মিয়া (২৮), মো. শিপন (২০), ঢাকা জেলার মো. জুয়েল (২৮), মো. মইদুল ইসলাম (৩২), মো. শরিফ (২৮), মো. দিয়াজুল ইসলাম (২০), মো. এখলাছ (৩৫),  মো. মঈন মিয়া (২৮), টাঙ্গাইলের মো. লিটন (৪৫), ফরিদপুর জেলার মো. রবিউল মোল্লা (২৪), গাইবান্ধা জেলার মো. আবু তালেব (২০), মো. আসাদুল ইসলাম (৩০), মো. হাবিবুর রহমান (৪৭), রংপুর জেলার মো. আব্দুল আলিম (৩৫), জয়পুরহাট জেলার মো. আজাদুল ইসলাম (৫০), রাজবাড়ি জেলার      মো. সোহেল মোল্লা (৩২), নাটোর জেলার মো. মাসুদ রানা (২০), ময়মনসিংহ জেলার মো. রবেল মিয়া (৩৩), বরিশাল জেলার মো. ফজলে রাব্বি (২২) ও নোয়াখালী জেলার মো. রনি ভূঁইয়া (২৫)। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে প্লেয়িং কার্ডসহ ১ টি ইলেক্ট্রিক ক্যাসিনো বোর্ড, ১০০ পিস ইয়াবা, ১২ ক্যান বিদেশি বিয়ার, ২২ টি মোবাইল এবং নগদ ৩৮ হাজার টাকাসহ ২১ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম সজল জানান, আটকেরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। ক্যাসিনো বোর্ডের মূল মালিক পলাতক রয়েছে। মূল মালিকসহ অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত