ধামরাইয়ে কৃষকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৯:১৫ পিএম

ঢাকার ধামরাইয়ে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে শুকুর আলী (৫৭) নামে এক কৃষকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে উপজেলার বাইশাকা‌ন্দা ইউনিয়নের কাছৈর গ্রামের বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করে ধামরাই থানা-পুলিশ।

নিহত শুকুর আলী উপজেলার কাছৈর গ্রামের রুস্তম আলীর ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯ টার দিকে মাছ ধরতে যাওয়ার কথা বলে শুকুর আলী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে সকালে কাছৈড় গ্রামের একটি বাঁশঝাড়ের ভেতরে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহটি ময়না তদন্তর জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত