দুর্গাপূজা উপলক্ষে বিজিবি বিএসএফের মিষ্টি বিনিময়

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০১:৩৯ এএম

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইয়াসিন আলী ও ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার নবকুমার দুই বাহিনীর পক্ষে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সেখানে বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার সুরেশ কুমার ও বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সোলায়মান আলী, হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার রায়হানসহ উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিএসএফ কর্মকর্তা নবকুমার বলেন, দুর্গাপূজার বিজয়া দশমী ভারতের খুব বড় উৎসব। সেজন্য আমরা প্রতি বছরের মতো এবারেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়েছি। এ সময় তারাও আমাদের মিষ্টি উপহার দিয়েছে। আমাদের মাঝে যেন সবসময় সৌহার্দ্য, সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বজায় থাকে, সবকিছু ভালোভাবে চলে এটাই আমাদের কামনা।

বিজিবি কর্মকর্তা ইয়াসিন আলী বলেন, বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এ ধরনের রেওয়াজ দীর্ঘদিন ধরেই চলে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত