দেশে অনলাইন ভেটেরিনারি হাসপাতাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘দুঃসময়ে শুধু মানুষের নয়, প্রাণীরও চিকিৎসার প্রয়োজন রয়েছে। প্রাণীদের হাসপাতালে নিতে না পারলেও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আধুনিক চিকিৎসা দেওয়া সম্ভব।’ গতকাল রবিবার বেসরকারি প্রতিষ্ঠান আদর্শ প্রাণিসেবা লিমিটেডের উদ্যোগে আয়োজিত অনলাইন প্রাণিসেবা প্ল্যাটফরম ‘প্রাণিসেবা ভেট’-এর উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তর কক্ষ থেকে অনলাইনে সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্ন দেখাকে অনেকেই একসময় ব্যঙ্গ-বিদ্রুপ করেছেন। কিন্তু তথ্যপ্রযুক্তির বিস্তার এবং ডিজিটাল বাংলাদেশ ব্যবস্থার প্রয়োজন কত বেশি সেটা আজ কভিডকালীন চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি কত বাস্তবতাসম্পন্ন সেটা আজ দৃশ্যমান।’
তিনি আরও বলেন, ‘অনলাইনে প্রাণী চিকিৎসার এ উদ্যোগ আমরা মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়েছি। সব প্রাণীকে সেবা দেওয়ার জন্য, তাদের চাহিদা পূরণের জন্য শেখ হাসিনা সরকার তৎপর ও কর্মক্ষম। অনলাইন প্রাণিসেবা প্ল্যাটফরমের মাধ্যমে তারই দৃষ্টান্ত প্রতিভাত হয়েছে। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
