গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০২:১০ পিএম

রেল লাইনের হুকের সঙ্গে বেঁধে রাখা গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নেত্রকোনার মোহনগঞ্জে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আছিয়া বেগম (৬৫) উপজেলার পলেহা গ্রামের মৃত রওশন আলীর স্ত্রী। মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৬২ নং ডাউন লোকাল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

স্থানীয়রা জানায়, বেশ কিছু দিন আগে পানুর গ্রামে আছিয়া তার মেয়ে নার্গিসের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

সোমবার সকালে মেয়ের গরু রেল লাইনের হুকের সঙ্গে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখা ছিল। বেঁধে রাখা গরুর দড়ি রেল লাইনের হুকের সঙ্গে প্যাঁচ লেগে যায়। এমন সময় মোহনগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেন আসতে দেখে বৃদ্ধা গরুটিকে ধাক্কা দেন আছিয়া। গরুটিকে বাঁচাতে পারলেও তিনি ট্রেনের নিচে কাটা পড়েন।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া এ ঘটনার সত্যতা দেশ রূপান্তরকে নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। নিহত বৃদ্ধার মেয়ে নার্গিস এ ঘটনা নিজের চোখে দেখেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা দায়ের করে স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত