জয়পুরহাটে প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক যুবক আটক

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০৬:৪৯ পিএম

প্রতিমা বিসর্জনের আগেই জয়পুরহাট শহরের একটি পূজা মণ্ডপে কয়েকটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রিন্স মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে গুলশান মোড় এলাকার উত্তর বর্মনপাড়া পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে। আটককৃত প্রিন্স মিয়া শহরের গুলশান মোড় দক্ষিণ পাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে।

পূজা মণ্ডপের ভক্ত ও দর্শনার্থীরা শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা করছিল। এ সময় ওই মণ্ডপ এলাকায় দুই বন্ধু কথা-কাটাকাটির জের ধরে প্রিন্স উত্তেজিত হয়ে দূর্গাসহ কয়েকটি প্রতিমা বেদিতে ধাক্কা দিলে সেগুলো পরে গিয়ে ভেঙে যায়।পরে পালানোর চেষ্টা করলে পূজা মণ্ডপ এলাকায় থাকা পুলিশ সদস্যরা তাকে  আটক করে। 

এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির এলাকা পরিদর্শন করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিমা ভাঙচুরে ব্যবহারকৃত একটি দা সহ তাকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত প্রিন্সকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত