সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (৩০) নিহতের ঘটনায় মামলা হয়েছে। খুনের দুই দিন পর গতকাল সোমবার সকালে সাভার মডেল থানায় নিহতের বাবা মজিবুর রহমান মামলাটি করেন। তবে এ ঘটনায় কাউকে ধরতে পারেনি পুলিশ। গত শনিবার ভোরে সাভারের সিআরপি সড়ক থেকে মোস্তাফিজুরের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় ডগরমোড়া এলাকায় ভাড়া থেকে পার্শ্ববর্তী কমলাপুর এলাকার গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২১ অক্টোবর ছুটিতে রাজশাহীর দুর্গাপুরে নিজ বাড়িতে যান মোস্তাফিজুর। শুক্রবার রাত ১০টার দিকে বাসে রওনা দিয়ে শনিবার ভোরে সাভারের শিমুলতলা স্ট্যান্ডে নামেন। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনি মারা যান। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুরকে হত্যার ঘটনায় তার বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অপরাধীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
×
