মালয়েশিয়ার রাজনীতি

প্রধানমন্ত্রীর জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাবে রাজার না

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০৩:০৪ এএম

নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের করা অনুরোধ নাকচ করে দিয়েছেন দেশটির রাজা আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ।

গত রবিবার রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মহামারীর কারণে মালয়েশিয়ায় বা দেশটির কোনো অংশে জরুরি অবস্থা ঘোষণা করার প্রয়োজন আছে বলে মনে করছেন না রাজা আবদুল্লাহ সুলতান।

এ আদেশ জারির কয়েক ঘণ্টা পরে মুহিউদ্দিন বলেন, রাজার সিদ্ধান্তের ব্যাপারে অবগত আছে মন্ত্রিসভা এবং এ আদেশ নিয়ে আরও আলোচনা হবে।

অধ্যাদেশ অনুযায়ী দেশ পরিচালনায় মালয়েশিয়ার রাজা প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং তা আদালতে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই।

দেশটিতে সংস্কারবাদী জোট গঠন নিয়ে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর বিদায়ের পর গত মার্চে মালয়েশিয়ার ক্ষমতায় আসেন মুহিউদ্দিন। তবে সংসদে মাত্র দুটি আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার নেতৃত্বাধীন সরকার শুরু থেকেই নড়বড়ে অবস্থানে আছে। পার্লামেন্ট স্থগিত রাখা নিয়েও মুহিউদ্দিনের পরিকল্পনা দেশজুড়ে সমালোচনা তৈরি হয়েছে। ক্ষমতায় থাকার জন্য একে অগণতান্ত্রিক পদক্ষেপ বলেও তীব্র সমালোচনা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত