মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ ও ইসলামকে নিয়ে ফরাসি প্রেসিডেন্টের এমানুয়েল ম্যাখোঁর বিদ্রূপাত্মক মন্তব্যের জেরে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি থেকে দলটি ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সকালে দলটির নেতাকর্মীরা ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জড়ো হয়ে সমাবেশ করেন।
সমাবেশের পর ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা ঢাকার শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে অবস্থান নিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তাদের ঘেরাও কর্মসূচি শেষ করেন।
বিক্ষোভে ফ্রান্সের পতাকা এবং দেশটির প্রেসিডেন্টে এমানুয়েল ম্যাখোঁর কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। সেই সঙ্গে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়েছে।
এ সময় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করীম ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে নিন্দা জানানোর দাবিসহ মোট পাঁচ দফা দাবি তুলে ধরেছেন।
এছাড়া দলটি আগামী ২৯ অক্টোবর জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।
মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ ও ইসলামকে নিয়ে ফরাসি প্রেসিডেন্টের এমানুয়েল ম্যাখোঁর বিদ্রূপাত্মক মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো এবং বিভিন্ন সংগঠন কয়েক দিন ধরে বিক্ষোভ প্রদর্শন করে আসছে।
মোহাম্মদ (সা,) এর ব্যঙ্গাত্মক কার্টুন চাপানোর সাফাই গেয়ে ম্যাখোঁ বলেন, ‘আমরা কখনোই এটা (মূল্যবোধ) বিসর্জন দেবো না।’
চলতি মাসের শুরুর দিকে তিনি ফ্রান্সে ‘মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের’ রুখতে কঠোর আইন তৈরির পরিকল্পনা ঘোষণা করেন।
ম্যাখোঁ ইসলামকে ‘সংকটে থাকা ধর্ম’ উল্লেখ করে বলেন, ফ্রান্সের প্রায় ৬০ লাখ মুসলিম ‘কাউন্টার সোসাইটি’ তৈরির চিন্তা করছে।
