ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ গৃহবধূর আত্মহত্যা!

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৬:২৩ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে এনজিওর টাকা (কিস্তি) পরিশোধ করতে না পেরে সুমি আক্তার (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

বুধবার শহরের পোস্ট অফিস সড়কের বয়াতি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে রায়পুর থানা-পুলিশ। নিহত গৃহবধূ একই এলাকার রিকশা চালক মণির হোসেনের স্ত্রী। তাদের দুই সন্তান রয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

নিহত গৃহবধূর স্বামী কিরণ মিয়া জানান, অভাবের কারণে ব্র্যাক ও স্থানীয় সমিতি থেকে প্রায় দুই লাখ টাকা কিস্তি নিয়ে বসতঘর নির্মাণসহ রিকশা ক্রয় করেন স্বামী-স্ত্রী দুজনেই। সপ্তাহে প্রায় প্রতিদিনই কিস্তির টাকা পরিশোধ করার শর্ত রয়েছে। কিন্তু করোনায় বেশি অভাবগ্রস্ত হয়ে পড়ায় সময়মতো কিস্তি পরিশোধ করতে সমস্যা দেখা দেয়। এনজিও সমিতির কর্মকর্তারা প্রতিদিনই কিস্তি আদায়ের জন্য চাপ প্রয়োগ করতো।

বুধবার এনজিওর কিস্তির টাকার জন্য কর্মকর্তারা চাপ সৃষ্টি করলে, তা দিতে না পারায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূ সুমি নিজ ঘরের শোয়ার কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজি নাজমুল কাদের গুলজার বলেন, কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করা খুব দুঃখজনক। অসহায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল জলিল জানান, ঘটনাটি দুঃখজনক। গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত