সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লায় ১২ বছরের এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ড্রাইভার মো. নিজামুদ্দিন সরদার ওরফে মিজানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি-২ এর কমান্ডার মেজর এ.এইচ.এম আদনান দফাদার। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকার ধামরাই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নিজামুদ্দিন সরদার ওরফে মিজান সাভারের ভগলপুর এলাকার আবু বক্করের ছেলে। মিজান পেশায় একজন গাড়িচালক।
র্যাব- ৪ জানায়, গত ২১ অক্টোবর সাভারে ভগলপুর এলাকায় ১২ বছরের এক শিশুকে তুলে নিয়ে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করে মিজান। পরে ভুক্তভোগীর বাবা সাভার থানায় মিজানকে প্রধান আসামি করে দুজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় ধর্ষিত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষায় ধর্ষণের আলামত পায়। প্রথমে ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে মামলা দায়েরের আসামিরা আত্মগোপণ করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে ধামরাই এলাকা থেকে ধর্ষণকারী মিজানকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৪ সিপিসি-২ এর কমান্ডার মেজর এ.এইচ.এম আদনান দফাদার বলেন, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
