তরুণদের হাত ধরেই দেশের প্রযুক্তি খাত এগিয়ে যাবে: পলক

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ০১:৩০ এএম

ব্লকচেইন অলিম্পিয়াডে প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশের তরুণরা প্রথম ও শ্রেষ্ঠ হিসেবে নিজেদের প্রমাণ করতে পেরেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, তরুণদের হাত ধরেই দেশের প্রযুক্তি খাত এগিয়ে যাবে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় ব্লকচেইন ২০২০-এ অংশ নেওয়া বাংলাদেশের ১২টি দলের সদস্যদের সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়। 

অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রথমবার অংশ নিয়েই বিশ্বের বড় বড় দেশগুলোর প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের তরুণরা। ছয়টি ক্যাটাগরির দুটিতে চ্যাম্পিয়নসহ চারটি ক্যাটাগরিতে সিলভার মেডেল পায় আমাদের তরুণরা। তারা প্রমাণ করেছে আমরাই প্রথম ও শ্রেষ্ঠ। আমাদের কাজ হচ্ছে এ তরুণদের উৎসাহ দেওয়া, সাহস দেওয়া। তাহলেই তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে।

তিনি আরও বলেন, সরকারি অফিসগুলোতে আমরা লালফিতার দৌরাত্ম্য কমিয়ে আনতে কাজ করছি। একটা পেপারলেস অফিস ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এমন সময়ে ব্লকচেইনের মতো প্রযুক্তির বিকল্প নেই। এসব নথি চালাচালিতে যে সাইবার নিরাপত্তা দরকার, সেটি নিশ্চিতে ব্লকচেইন দরকার। আমাদের বিসিসি (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল) এরই মধ্যে ব্লকচেইনের ব্যবহার শুরু করেছে। এর জন্য তারা আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে।

এ সময় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ব্লকচেইন অলিম্পিয়াডের বাংলাদেশ পর্বের প্রধান সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক ড. জাফর ইকবাল, এলআইসিটির প্রকল্প পরিচালক রেজাউল করিম, পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কোভিদ, হংকং ব্লকচেইন অলিম্পিয়াডের সভাপতি ড. লরেন্স মা প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত