হাতিয়ায় ঘরে ঢুকে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১১:০৭ পিএম

নোয়াখালীর হাতিয়ায় ঘরে ঢুকে কলেজ ছাত্রীকে (১৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কলেজছাত্রী। ভুক্তভোগী তরুণী হাতিয়া আদর্শ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং গামছখালী গ্রামের বাসিন্দা।   

মামলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯ টায় উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের পূর্ব গামছাখালী গ্রামে ওই তরুণীর বাড়িতে স্থানীয় প্রেমলাল দাস (৩০) ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার সময় ওই কলেজ ছাত্রীর বাবা বাধা দিলে তাকে মারধর করে স্থানীয় রাজু বাহিনীর সদস্য প্রেমলাল দাস। অভিযুক্ত প্রেমলাল দাস গামছাখালী গ্রামের শংকর দাসের ছেলে।

নির্যাতনের শিকার তরুণীর বাবা বলেন, বুধবার রাতে হাতিয়া থানায় মামলা করা হয়েছে। তবে এখনো প্রেমলাল দাসকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

তিনি অভিযোগ করে বলেন, রাজু বাহিনীর সদস্য প্রেমলাল দাস এলাকায় প্রভাব খাঁটিয়ে এ ধরনের কর্মকাণ্ড করে।

চর ঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হালিম আজাদ বলেন, স্থানীয় সন্ত্রাসী রাজুর মদদে এলাকায় কিছু বখাটে ত্রাসের সৃষ্টি করছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে তরুণী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত