মার্কিন নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় উত্তজেনামুখর ফ্লোরিডা

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১২:৪৫ পিএম

আর মাত্র কয়েকদিন পরেই জানা যাবে কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। শেষ মুহূর্তের প্রচারণায় বৃহস্পতিবার ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

বিবিসি জানায়, ফের ক্ষমতায় আসতে ফ্লোরিডায় জিততে হবে ট্রাম্প। কিন্তু নির্বাচনী জরিপে দেখা যাচ্ছে অঙ্গরাজ্যটিতে তিনি বাইডেন থেকে ১.৪ পয়েন্ট পিছিয়ে আছেন, যদিও ব্যবধানটা সামান্যই।

ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে বেশ সমালোচনামুখর ছিলেন দুই প্রতিদ্বন্দ্বী। উত্তর মিয়ামিতে বাইডেন তার সমর্থকদের উদ্দেশে বলছেন, ‘আপনাদের হাতেই ক্ষমতা। যদি ফ্লোরিডা ডেমোক্র্যাটদের পক্ষে যায়, তাহলে হয়ে গেল।’ অন্যদিকে ট্রাম্পের দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আরও চার বছরের জন্য আমরা জিততে চলেছি।’

করোনাভাইরাস ও লকডাউন নিয়ে পরস্পরকে আক্রমণ করেন ট্রাম্প ও বাইডেন। টাম্পা শহরের সভায় ট্রাম্প বলেন, ‘জো বাইডেনের পরিকল্পনা হচ্ছে লকডাউনের মাধ্যমে আপনাদের শাস্তি দেয়া। তিনি আপনাদের লকডাউনে নিতে যাচ্ছেন।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির জন্য ট্রাম্পকে দায়ী করেন বাইডেন। তিনি বলেন, ‘ট্রাম্প হাল ছেড়ে দিয়েছেন। আমাদের ৯০ লাখ মানুষ আক্রান্ত। ফ্লোরিডার ১৬ হাজারের বেশি মানুষ আমরা হারিয়েছি।’

বর্ণবাদ বিরোধী আন্দোলন নিয়েও ট্রাম্পের সমালোচনা করেন বাইডেন। তিনি জানান, ট্রাম্পের মুখে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ শোনা যায় না। 

এ ডেমোক্র্যাট প্রার্থী বলেন, ‘ট্রাম্প এমন একজন ব্যক্তি, যিনি জানেন যে বর্ণ, জাতীয়তা, লিঙ্গ পরিচয়ে আমাদের বিভক্ত করতে পারলে তিনি জিতবেন। তবে তাকে দেখিয়ে দেব, আমরা কারা?’

তবে পাল্টা প্রতিক্রিয়ায় এক টুইটে ট্রাম্প বলেন, ‘কমিউনিস্ট কিউবা বা সোশ্যালিস্ট ভেনেজুয়েলার মতো আমেরিকাকে পরিচালিত করতে চায় আমাদের প্রতিদ্বন্দ্বী।’

এদিন নির্বাচনী সমাবেশে ট্রাম্পের পাশে ছিলেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের দেশ কোনো ভয় বা দুর্বলতার দেশ নয়, আমরা আশাবাদী দেশ। আমাদের এমন একজন নেতা আছেন যিনি প্রতিটা দিন আমাদের আশাবাদী করে তোলেন।’

বৃহস্পতিবার সন্ধ্যায় নর্থ ক্যারোলিনায়ও নির্বাচনী সমাবেশ করার কথা ছিল ট্রাম্পের। তবে ঘূর্ণিঝড় জেটার কারণে প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে সেই সমাবেশ বাতিল করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত