রাঙামাটিতে ৫ দিনব্যাপী উপস্থাপনা কোর্সের সমাপ্তি

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১০:২১ পিএম

রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হলো পাঁচ দিনব্যাপী ‘উপস্থাপনা প্রশিক্ষণ কোর্স-২০২০’। গত ২৫ অক্টোবর রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রশিক্ষণ কোর্সের পরিকল্পনাকারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা ও হিল কালচার হেরিটেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশিক সুমন। প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক হিসেবে ছিলেন উপস্থাপক, অভিনেতা ও নির্দেশক মো. আক্তারুজ্জামান এবং টেলিভিশন উপস্থাপক, অভিনেতা ও সাংবাদিক রেজাউর রহমান রিজভী।

প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে সফলভাবে কোর্স শেষ করেছেন ১৪ জন তরুণ-তরুণী। তারা হলেন- এলিজাবেথ পাংখোয়া, কেয়া দেওয়ান, শ্রাবণী রুদ্র, কলি চাকমা, খোয়াই ত্রিপুরা, পম্পি বড়ুয়া, ভরত চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, ননাবি চাকমা, সীমা ত্রিপুরা, তনয়া দেওয়ান, সুফলা তঞ্চঁঙ্গ্যা, মনীষা চাকমা ও বিজ্ঞান্তর তালুকদার।

২৯ অক্টোবর প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করে কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা। সমাপনী দিনে কোর্সে অংশগ্রহণকারীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সঙ্গে ‘উপস্থাপনা প্রশিক্ষণ কোর্স-২০২০’ এর আয়োজনে ছিল রাঙামাটি জেলা পরিষদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আর সহযোগিতায় ছিল হিল কালচার হেরিটেজ ফাউন্ডেশন।

আগামীতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা আশাবাদ ব্যক্ত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত