ফেইসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার নিখোঁজ সেই ছাত্রীকে খুঁজে বের করে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদ। একই অভিযোগে সংগঠনটি থেকেও ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়।
শুক্রবার বিকেলে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু বকর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার বিষয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হলেও পাঁচ দিন ধরে সে নিখোঁজ রয়েছে।
এমতাবস্থায় তার কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। তার সন্ধান ও অভিযোগ বিষয়ে তার বক্তব্য না পাওয়া পর্যন্ত তার ওপর সাময়িক বহিষ্কারাদেশ বহাল থাকবে।
অবিলম্বে তাকে খুঁজে আইনের আওতায় আনার দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়, একটি স্বাধীন দেশের নাগরিক থানায় যাওয়ার পথে নিখোঁজ হওয়ার দায়ভার প্রশাসন এড়াতে পারে না।
