ফ্রান্সের তরুণদের ইসলামের বার্তা দেয়ায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির একটি ফরাসি অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করেছে ইনস্টাগ্রাম ।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার থেকে অ্যাকাউন্টটিতে প্রবেশ করা যায়নি।
ফরাসি যুবকদের উদ্দেশে খামেনি বলেন, ‘আপনারা প্রেসিডেন্টের কাছে প্রশ্ন করুন যে হলোকাস্টের কল্পিত কাহিনি নিয়ে কথা বলা অপরাধ ও জেল-জরিমানা হলে ইসলাম অবমাননা বাক স্বাধীনতা হয় কীভাবে?’
তার এই বক্তব্য আরবি, ফার্সির পাশাপাশি ইংরেজি ও ফরাসি ছাড়াও বেশ কয়েকটি ভাষায় প্রচার করে ইরান। বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমেও তা ফলাও করে প্রচার করা হয়। এরই অংশ হিসেবে ফরাসি ভাষায় খামেনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করার পর সেটি বন্ধ করে দেয়া হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতার দপ্তর জানিয়েছে, খামেনির ওই বার্তা প্রচারের পর ফরাসি ভাষায় তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়। এরপর নতুন করে instagram.com/fr.Khamenei.ir নামে একটি পেজ খোলা হয়েছে।
১৯৩৯ সালে ইরানের শহর মাশাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ খামেনি। বাবাকে অনুসরণ করে তিনিও ধর্মগুরু হন। তরুণদের প্রতি প্রায়ই তিনি উপদেশমূলক কথাবার্তা বলেন।
সম্প্রতি ফ্রান্সে স্যামুয়েল প্যাটি নামের এক ইতিহাস শিক্ষক ক্লাসে বাক্স্বাধীনতা বিষয়ে পাঠদানের সময় নবী মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখান। যার জেরে গত ১৬ অক্টোবর চেচেন বংশোদ্ভূত এক ব্যক্তি ছুরি হাতে ওই শিক্ষককে আক্রমণ করে এবং তার শিরশ্ছেদ করে।
এই ঘটনায় ফ্রান্সজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। পাশাপাশি ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর একাধিক বক্তব্যে মুসলিমদের সমালোচনা উঠে আসে। ফ্রান্স এমন ব্যঙ্গাত্মক কার্টুন বন্ধ করবে না বলে মন্তব্য করেন তিনি।
খামেনি তখন থেকেই ম্যাখোঁর বিরুদ্ধে সরব।
