আমির খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ বিজেপি নেতার

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১২:২৬ পিএম

সর্বশেষ কয়েক মাসে নানামুখী আক্রমণের শিকার বলিউড অভিনেতা আমির খান। এবার তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুরজার। অভিযোগ, মিস্টার পারফেকশনিস্ট করোনার বিধি ভেঙেছেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, কয়েক দিন আগে আমির ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিংয়ে গাজিয়াবাদের লোনিতে যান। অভিযোগকারীর দাবি, সেখানেই ভক্তদের সঙ্গে বিনা মাস্কে দেখা করেন তিনি। কোনো রকম সামাজিক দূরত্বও মানেননি আমির।

এর পর মহামারি আইনে আমিরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলেন ওই বিজেপি নেতা।

জানা যায়, সে দিন আমিরকে দেখার জন্য ভিড় করেছিলেন ভক্তরা। ওই সময় বুকে চোটও পান অভিনেতা।

‘লাল সিং চাড্ডা’য় আমির খানের বিপরীতে কারিনা কাপুর খান অভিনয় করছেন। এই সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা চর্চা চলছে। ভারতের স্বাধীনতা পরবর্তী একাধিক দশকের গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষি হিসেবে দেখা যাবে তাকে। সে হিসেবে একাধিক বয়সের লুকে হাজির হবেন নায়ক। আগামী বছর বড়দিনে মুক্তি পেতে পারে হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর রিমেকটি।

তবে করোনো বিধি না মানার অভিযোগ নিয়ে মুখ খোলেননি আমির খান।

গত আগস্টে একই ছবির শুটিংয়ে তুরস্কে যান আমির খান। সেখানে আমন্ত্রণ পেয়ে দেখা করেন দেশটির ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর রোষের মুখে পড়েন ভারতের সবচেয়ে বেশি আয়ের সিনেমার এ নায়ক-প্রযোজক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত