মোটরসাইকেল না পাওয়ার অভিমানে দাখিল পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০৫:৪২ পিএম

ঝালকাঠির রাজাপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে তাইমুম (২০) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের মঠবাড়ি গ্রামের নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।

পরিবারের লোকজন তাইমুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তাইমুম গত বছর স্থানীয় এক মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়ে বাড়িতেই লেখাপড়া করছিল। তাইমুম মঠবাড়ী ইউনিয়নের মঠবাড়ি গ্রামের আমির হোসেনের বড় ছেলে।

স্থানীয়রা জানায়, তাইমুমের বাবা আমির হোসেন অসুস্থ। দীর্ঘদিন সৌদি আরবে থেকে কয়েক বছর আগে বাড়ি ফেরেন তিনি। গত বছর দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়ে তাইমুম বাড়িতেই থাকত এবং এটা-ওটা কিনে দেওয়ার জন্য বাবার সঙ্গে ঝগড়া করত। গত কয়েক দিন থেকেই বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চায় তাইমুম। কিন্তু বাবা আমির হোসেন তাকে মোটরসাইকেল কিনে দেবে না বলে জানালে রাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় তাইমুম।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত