পটুয়াখালীর বাউফল উপজেলায় কৃষি কর্মকর্তা আনছার উদ্দিন মোল্লাকে মারধরের মামলায় কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় বগা পুলিশ তদন্ত কেন্দ্রর পরিদর্শক মহিবুল্লাহর নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় বরিশালের লঞ্চঘাট এলাকা থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, কৃষি অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনছার মোল্লা বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ গ্রামের বাড়ি কনকদিয়া বাজারে গেলে চেয়ারম্যান শাহিনের সঙ্গে দেখা হয়।
একপর্যায়ে তিনি আনছার উদ্দিনকে ডেকে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের নাম ধরে গালাগাল করেন। আনছার উদ্দিন এর প্রতিবাদ করলে তাকে প্রকাশ্যে শাহিন হাওলাদার মারধর করেন।
ঘটনার দিন রাত ১১টায় আনছার উদ্দিন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চেয়ারম্যান শাহিন হাওলাদারকে আসামি করে বাউফল থানায় একটি মামলা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, চেয়ারম্যান শাহিন হাওলাদারকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
