শুধু মাত্র আইপিএল খেললে মহেন্দ্র সিং ধোনির জন্য পারফর্ম করা কঠিন বলে মন্তব্য করেছেন কপিল দেব। তাই আইপিএল চালিয়ে গেলে ধোনিকে ঘরোয়া ক্রিকেটও খেলার পরামর্শ দিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক।
গত রবিবার ধোনি নিশ্চিত করেন তিনি আইপিএলের পরের আসরেও খেলবেন। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের টসের সময় ধারাভাষ্যকার ড্যানি মরিসন ধোনিকে প্রশ্ন করে বসেন, ‘হলুদ জার্সিতে এটাই কি তোমার শেষ ম্যাচ হতে চলেছে?’ ধোনি উত্তরে বলে দেন, ‘অবশ্যই না।’
তবে কপিলের কথা, ‘ধোনি যদি ঠিক করে রাখে শুধু আইপিএল খেলবে, তাহলে ওর পক্ষে সফল হওয়া অসম্ভব। বয়স নিয়ে কথা বলা উচিত নয়, কিন্তু ৩৯ বছর বয়সে যত খেলবে ততই শরীর চাঙা থাকবে।’
যোগ করেন, ‘১০ মাস কোনো ধরনের ক্রিকেট না খেলে হঠাৎ আইপিএলে নামলে বোঝা যাবে অবস্থা কতটা দুর্বিষহ হয়। ধোনির উচিত প্রথম শ্রেণির ক্রিকেটে ফের খেলা শুরু করা।’
ধোনির এবারের পারফরম্যান্স মূল্যায়ন করলে কপিলের কথা যুক্তিযুক্তই মনে হবে। এবার দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থেকে সরাসরি আইপিএলে খেলেছেন ধোনি। বিশ্বকাপ সেমিফাইনালের পর সরাসরি আইপিএলের মঞ্চে মেনে পড়েন। কিন্তু নিজে তো ব্যর্থ হয়েছেনই, দলও ব্যর্থ হয়েছে।
১৪ ম্যাচে ১১৬ স্ট্রাইক রেটে মাত্র ২০০ রান করেন ধোনি। আর চেন্নাই প্রথমবারের মতো প্লে-অফ খেলতে ব্যর্থ হয়েছে।
