রাঙামাটিতে ছাত্রলীগ নেতাসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৯:১১ পিএম

রাঙামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর শহরের কাঁঠালতলি এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রুদ্র খীসা এলজিন (৪০) এবং মোশাররফ হোসেন (৩৯) গুরুতর আহত হয়।

তাৎক্ষণিকভাবে তাদের রাঙামাটি সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত এলজিন শহরের চম্পকনগরের এবং মোশাররফ রিজার্ভ বাজারের বাসিন্দা।

এদিকে, কুতুকছড়ি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল (২৮) ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় মোটরসাইকেলের আরেক আরোহী সাজেক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিম চৌধুরী আহত হয়েছেন।

রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লুভা চাকমা তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানিয়েছেন, রাঙামাটি শহরের দুর্ঘটনায় দুজনই ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং কুতুকছড়ির দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত এবং আরেকজন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

কোতোয়ালি থানার উপ পুলিশ পরিদর্শক লিমন বোস জানিয়েছেন, দুটি দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। দুর্ঘটনায় সম্পৃক্ত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করে আমরা থানায় নিয়ে এসেছি। এখন নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত