বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার আজ প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১১টায় জুরাইন কবরস্থানে কোরআন খতম, ফাতেহা পাঠ, পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এদিন ঢাকা মহানগরের বিভিন্ন মসজিদে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়াও অনুষ্ঠিত হবে। বাদ আসর পরিবারের উদ্যোগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে স্নোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোকা। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোকার প্রথম মৃত্যুবার্ষিকী পালন কমিটির উদ্যোগে ৮দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। গত ৩০ অক্টোবর শুক্রবার থেকেই শুরু হয়েছে এসব কর্মসূচি যা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। এর অংশ হিসেবে গত শুক্রবার বাদ জুমা নগরীর মসজিদে মসজিদে খোকার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরেরদিন শনিবার বংশাল থানা বিএনপির কার্যালয়ে খোকার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
