বিদেশ ফেরত কর্মীদের দক্ষতা সনদ ভবিষ্যতে গুণগত অভিবাসন ও রেমিট্যান্সের পরিমাণ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
বুধবার অনলাইনে দেশের আটটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশ ফেরতদের পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা সনদ প্রদান কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী এ আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দক্ষ কর্মীর বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে পূর্ব কাজের স্বীকৃতি সনদ (আরপিএল) ছাড়াও আরও অনেক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বিদেশ প্রত্যাগত কর্মীদের পূর্ব অর্জিত দক্ষতার স্বীকৃতি দিতে তাদের কারিগরি শিক্ষা বোর্ডের সনদ প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে তারা দেশে ও বিদেশে উচ্চ বেতনের কর্মসংস্থানের সুযোগ পাবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামসুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
সচিব বলেন, সরকার বিদেশ প্রত্যাগত কর্মীদের আর্থ সামাজিক উন্নয়নে নানা ধরনের পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারি সনদ পেতে উৎসাহী বিদেশফেরত কর্মীদের সংশ্লিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা জনশক্তি কর্মসংস্থান অফিসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
