দুবলার চরের শুঁটকি মৌসুমকে ঘিরে জেলেদের সমুদ্রযাত্রা

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৯:৫৩ এএম

সাগর থেকে মাছ আহরণ ও শুঁটকি প্রক্রিয়াজাতকরণের জন্য দুবলার চরের উদ্দেশ্যে রওনা হয়েছেন জেলেরা।

বন বিভাগের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে বৃহস্পতিবার সকালে মোংলা থেকে দলবেঁধে সাগরে ছুটছেন তারা।

এর আগে বুধবার উপকূলীয় বিভিন্ন এলাকার হাজার হাজার জেলে নৌকা-জালসহ সকল ধরনের সরঞ্জামাদি নিয়ে জড়ো হয় মোংলার পশুর নদীর চিলা এবং জয়মনি এলাকায়।

সেখানে থেকে সাগরে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেই রওনা হন তারা। এ সকল জেলেরা প্রথমে দুবলার চরে গিয়ে তাদের থাকা ও মাছ রাখার ঘর এবং শুঁটকি তৈরির মাচা-চাতাল তৈরি করবেন।

image

এরপর নেমে পড়বেন সাগরে মাছ ধরতে। মাছ ধরা আর বাছাই ও শুঁটকিজাতকরণের এ কাজে তাদের সেখানে থাকবে হবে টানা ৫ মাস।

অক্টোবর থেকে শুরু হওয়া এ মৌসুম শেষ হবে আগামী মার্চে। প্রতি বছর শুঁটকি মৌসুমে দুবলার চরে সমবেত হয়ে থাকেন প্রায় ২৫ থেকে ৩০ হাজার জেলে-মহাজন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বুধবার বলেছেন, শীতে করোনার প্রকোপ বাড়বে। তাই স্বাস্থ্যবিধি মানাসহ বেশকিছু শর্তে জেলেদেরকে সাগরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

image

আর করোনা বিধি নিষেধের বিষয়টি গুরুত্বের সাথে দেখা ও ব্যবস্থা নেয়ার জন্য দুবলা ফিসারম্যান গ্রুপের নেতাদের নির্দেশনা দেয়া হয়েছে।

তবে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সেখানে কোনো হাসপাতাল স্থাপন করা হবে কিনা তার জবাব মেলেনি বন বিভাগের পক্ষ থেকে।

image

গত মৌসুমে দুবলার চর থেকে রাজস্ব আদায় হয়েছিল ৩ কোটি ১৭ লাখ টাকা। এবার টার্গেট ধরা হয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা। আবহাওয়ার উপর নির্ভর করবে রাজস্ব আদায় কম-বেশির পরিমাণ।

জেলেদের উত্থাপিত অভিযোগ ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে সুষ্ঠুভাবেই এ মৌসুম পার করতে পারবেন জেলেরা সেই সঙ্গে রাজস্ব আদায়ের মধ্য দিয়ে আর্থিকভাবে লাভবান হবেন বন বিভাগও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত