মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে চলছে চরম উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের আরও কাছাকাছি চলে গেছেন ডেমোক্র্যাট জো বাইডেন।
তবে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের জয় দাবি করে আদালতের যাওয়ার ঘোষণা দেয়ায় চূড়ান্ত ফলাফল নিয়ে জটিলতার মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
এদিকে শুধু প্রেসিডেন্ট নির্বাচন নয়, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখছে রিপাবলিকানরা। আর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা।
মোট ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন।
ডেমোক্র্যাটরা ২০৪টি আসন পেয়ে প্রতিদ্বন্দ্বি রিপাবলিকানদের থেকে এগিয়ে আছে। বাকি আসনগুলো থেকে অর্জিত হয়ে যাবে তাদের সংখ্যাগরিষ্ঠতা অন্যদিকে রিপাবলিকানরা পেয়েছে ১৯০টি আসন।
প্রতি দুই বছর পরপর প্রতিনিধি পরিষদে ভাগ্য নির্ধারণ হয়। ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে ২৩২টি আসন নিয়ে কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নিয়েছিল ডেমোক্র্যাটরা।
এদিকে কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ায় উল্লাস প্রকাশ করেছেন।
প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটদের কাছে লেখা এক চিঠিতে তিনি স্বীকার করেছেন এবারে নির্বাচন ছিল চ্যালেঞ্জিং।
