শ্রমিক লীগ নেতার কবজি কেটে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৬:৪২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিক লীগ সহসভাপতি জুয়েল প্যাদার বাঁ হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।  গ্রেপ্তারকৃতরা হলো বশির চৌকিদার ও সোহেল হাওলাদার।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে বুধবার রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে শরীফ বাড়ি এলাকায় নির্জন রাস্তায় একাকী পেয়ে ৪/৫ জন সশস্ত্র সন্ত্রাসী জুয়েল প্যাদার ওপর হামলা করে কুপিয়ে জখম করে বাম হাতের কব্জী কেটে নিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সুপার আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আড়াইটায় বরগুনার আমতলীর প্রত্যন্ত পূজাখোলা গ্রামে ২ কি:মি: কাদার মধ্যে হেঁটে অভিযান চালিয়ে বশির চৌকিদার ও সোহেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার কাজে ব্যবহৃত একটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে কেটে নেওয়া হাত এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

জুয়েল প্যাদা স্থানীয় রাজনীতির পাশাপাশি এলাকায় জমির দালালি করতেন। জুয়েলের বিরুদ্ধে পটুয়াখালী সদর, কলাপাড়া এবং বরগুনার আমতলী থানায় অস্ত্র, হত্যা, মাদকসহ বিভিন্ন অপরাধের ৮টি মামলা রয়েছে বলে এ সময় জানানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মাহ্‌ফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিলাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুফতি সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত