নারী ইউপি সদস্যকে ‘দুঃশ্চরিত্র’ বলায় ইউপি চেয়ারম্যানের ১ বছর সাজা

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৮:৫৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় নারী ইউপি সদস্যকে ’দুঃশ্চরিত্র’ বলা ইউপি চেয়ারম্যান আবদুল সালাম সিকদারকে ১ বছর ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

বৃহস্পতিবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ারের আদালত এ রায় ঘোষণা করেন।

এর আগে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য শাহানারা বেগম ৮এপ্রিল ২০১৯ চেয়ারম্যান আবদুল সালাম সিকদারের বিরুদ্ধে ৫০ লাখ টাকা মানহানির অভিযোগসহ ন্যায় বিচার চেয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। বাদীর প্রদত্ত জবানবন্দিতে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তর আদেশ দেন। এরপর বিচার বিভাগীয় তদন্তে মামলার বর্ণিত অভিযোগ প্রমাণিত হওয়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। পরবর্তীতে আদালতের অনুকম্পায় চেয়ারম্যান জামিন পেলেও  তার বিরুদ্ধে ৫০০ ধারায় অভিযোগ গঠন করেন আদালত। মামলায় তিন জন সাংবাদিক নেতাসহ মোট ৫ জন বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করেন।

আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস মিয়া বিজ্ঞ আদালতের এ আদেশের সত্যতা স্বীকার করেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক। রায় প্রচারের সময় বিজ্ঞ আদালতে আসামি অনুপস্থিত ছিল। 

এদিকে রায় প্রচারের পর বাদী পক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের নিযুক্তীয় কৌঁসুলি।

প্রসঙ্গগত, গত ৩ এপ্রিল ২০১৯ রাত ৮টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল সালাম সিকদার পারিবারিক জমিজায়গা নিয়ে বিরোধের জেরে তার পরিষদের নারী ইউপি সদস্য ও চাচাতো বোন মোসা. শাহানারা বেগমের বিরুদ্ধে কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে ’দুঃশ্চরিত্র’ নারী বলে লিখিত সংবাদ সম্মেলন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত