একটা ঘটনা থেকেই পরিবর্তনের সূচনা ‘আশা করছেন’ দুদু

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৩:৫৮ পিএম

যেকোনো একটা ঘটনা থেকে পরিবর্তনের সূচনা আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বাধীনতা ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নেতাকর্মীদের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আন্দোলনের ডাক কখন আসবে সেটা নিয়ে কথা বলবেন না। সব সময় প্রস্তুত থাকবেন। যেকোনো একটা ঘটনা থেকে পরিবর্তনের সূচনা আসবে। যেকোনো ঘটনার মধ্য দিয়ে পরিবর্তন আসবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি সংঘাত নয়, দেশের এখন জাতীয় সংকট হচ্ছে স্বৈরতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের লড়াই। আওয়ামী লীগ স্বৈরতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে আর বিএনপি গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। মানুষের অধিকার কেড়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এটা হচ্ছে স্বৈরতন্ত্র।’

বিএনপির এই নেতা বলেন, ‘দ্বন্দ্ব হচ্ছে সত্য-মিথ্যার। দ্বন্দ্ব হচ্ছে খারাপ-ভালোর। স্বৈরতন্ত্রের পক্ষে সব সময় খারাপরা থাকে আর ভালো লোকজন গণতন্ত্রের পক্ষে। সেজন্য আমরা যারা লড়াই করছি ভালোর জন্যই করছি।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া কারাগারে কষ্ট করছেন কিসের জন্য? গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজ তারেক রহমান বিদেশে নির্বাসিত জীবনযাপন করছে কেন? মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহসহ দলের সকল অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আজিজুল ইসলামের সভাপতিত্বে এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, জাগপা (একাংশের) সভাপতি খন্দকার লুৎফর রহমান, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন ও শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত