বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০৩:৫৭ পিএম

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় অগ্নিকাণ্ডে ৩ পরিবারের ঘরবাড়িসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা ৫নং ওয়ার্ডের মোহছেন আলীর ছেলে মোহাম্মদ ছগির, আবু তাহের ও তার মেয়ের জামাই মনির আলমের ঘরের সকল আসবাবপত্র, নগদ টাকা, ৮/১০টি ছাগল, হাঁস-মুরগিসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, ঘরের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা রাত ৩টার সময় যখন সবাই বিভোর ঘুমে আচ্ছন্ন তখন হঠাৎ করে আগুন লেলিহান শিখার প্রচণ্ড তাপে ঘুম ভেঙে গেলে পরিবারের পাশাপাশি সব ঘর আগুনে জ্বলছে, পরিবারের নারী-শিশুদের কোনোরকমে বের হওয়া সম্ভব হলেও কোনো আসবাবপত্র, কাপড়-চোপড় কিছুই আর বের করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলেও ততক্ষণে সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন সিকদার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের তাৎক্ষণিকভাবে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা করেন।

অগ্নিকাণ্ডের খবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লেয়াকত আলীকে অবহিত করা হয় বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত