আমেরিকার নির্বাচন ব্যবস্থা দেখে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) শিক্ষা নেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তারা সম্পূর্ণ চাপের মধ্যে থেকেও পুরোপুরি অবিচল ছিল। জনগণের যে রায় সেটাই গণতন্ত্র। আর গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও শক্তিশালী করতে হবে। প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ এবং জনগণের কল্যাণমুখী একটি প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা তুলে ধরে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের সরকার অবৈধ সরকার, তারা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে বেআইনিভাবে গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে, গণতন্ত্রের সব সম্ভাবনাকে ধ্বংস করে ফেলেছে। কিন্তু এটা শেষ নয়।
মির্জা ফখরুল বলেন, আমরা ১৯৭১ সালে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, ১৯৯০ সালেও সংগ্রাম করেছি। কিন্তু এই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসে সম্পূর্ণ পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে।
তিনি বলেন, জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে। এটাই গণতন্ত্রের মূল ফাউন্ডেশন। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখন মাত্র ৫-৬% ভোটার ভোট কেন্দ্রে যান। মোট কথা, যারা প্রতিনিধিত্বমূলক একটি রাষ্ট্র তৈরি করে সেই জায়গাটাতে ধস নেমে গেছে।
বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি দাঁড়িয়ে যায় এবং সেগুলো শক্তিশালী হয় তবে কেউ জোর করে ক্ষমতায় থাকতে পারে না। ভারতের বিহারে নির্বাচন হয়েছে, আপনারা লক্ষ্য করে দেখবেন এত কিছুর পরও তাদের নির্বাচন কমিশন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। আপনারা বাইডেনের বক্তব্যগুলো লক্ষ্য করবেন, আমি তো রীতিমতো তার ভক্ত হয়ে গেছি। তার বক্তব্য কোনো দল বা ব্যক্তির জন্য না। এটা গণতন্ত্রের স্পিড। তিনি নির্বাচিত হওয়ার পর বলেছেন, নির্বাচনের আগে যেগুলো হয়েছে তা বাদ দিয়ে আমেরিকার অগ্রযাত্রায় আসুন সবাই একসঙ্গে কাজ করি। এটাই গণতান্ত্রিক নেতার বক্তব্য হওয়ার কথা। ঠিক একইভাবে আজ বাংলাদেশে আমরা আওয়ামী লীগ ও বিএনপি না করে বাংলাদেশি রাষ্ট্রে প্রতিষ্ঠিত করি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক রাখি।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।
