দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোস্তাফিজুর রহমান বাবু (৩৯) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার খয়েরবাড়ি বাজার এলাকায়। এ ঘটনায় বুধবার ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে ফুলবাড়ী থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেছেন।
আটক মোস্তাফিজুর রহমান বাবু দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ স্বামী-সন্তানের অনুপস্থিতে মুদি দোকানে বসতেন। দীর্ঘদিন থেকে বাবু ওই দোকানে ক্রেতা হিসেবে আসা-যাওয়া করত। সেই সূত্রে বাবু প্রায় সময় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গৃহবধূ বাবুর কুপ্রস্তাবের বিষয়টি লজ্জায় তার স্বামীকে জানাননি।
গত মঙ্গলবার রাতে সাংসারিক কাজ শেষ করে টিভি দেখছিলেন ওই গৃহবধূ। এ সময় তার স্বামী ও সন্তানরা মুদি দোকানে ছিলেন। সেই সময় শয়নকক্ষে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে বাবু। এ সময় গৃহবধূ চিৎকার করলে তার স্বামী ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাবুকে শয়নকক্ষে আটক করেন। পরবর্তীতে বিষয়টি জেনে এলাকাবাসী ছুটে আসেন এবং ক্ষিপ্ত হয়ে বাবুকে গণপিটুনি দেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে বাদী হয়ে ৯(৪) এর (খ) ধারায় নারী ও শিশু দমন আইনে মোস্তাফিজুর রহমান বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভিকটিম নিজেই। মামলা পেয়ে অভিযুক্ত বাবুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
