কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে আজ শুক্রবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, আজ সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই-বাচাইয়ের পর শুধু কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল দেশ রূপান্তরকে বলেন, ‘চলতি মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলের জন্য দুটি জাহাজ অনুমতি চেয়েছে। এর মধ্যে কেয়ারি সিন্দাবাদ জাহাজকে ১ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর এবং পর্যটকবাহী এমভি ফারহান জাহাজকে ৪ নভেম্বর থেকে আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি দেওয়ার পরও ঠিক কী কারণে এ নৌরুটে জাহাজ চলাচল এত দিন শুরু হয়নি, সেটা জানা নেই।’
