শাইখ সিরাজের ইউটিউব চ্যানেলে ২০ লাখ সাবস্ক্রাইবার

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১১:০৯ এএম

উন্নয়ন সাংবাদিক, চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ২০ লাখ ছাড়িয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ৩১ অক্টোবর সাবস্ক্রাইবার ২০ লাখ পূর্ণ হয়। ২০১৮ সালের মে-তে ১ লাখ সাবস্ক্রাইবার পায় চ্যানেলটি, অর্জন করে সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড। ২০১৯ সালের অক্টোবরে ১০ লাখের মাইলফলক স্পর্শ করায় গোল্ড ক্রিয়েটর অ্যাওয়ার্ড পায়। এর পর ১ বছর ২২ দিনে আরও ১০ লাখ সাবস্ক্রাইবার চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়েছে।

এ সাফল্য নিয়ে শাইখ সিরাজ বলেন, “আমি আনন্দিত। সাবস্ক্রাইবার বন্ধুদের অনেক ধন্যবাদ। আমার কনটেন্টগুলো নির্মাণের মূল উদ্দেশ্য এগুলো দেখে তরুণেরা যেন কৃষির প্রতি আগ্রহী হয়ে উঠে। আর দেশের কৃষি ও কৃষকের সমস্যা তুলে ধরার পাশাপাশি আমি চেয়েছি আন্তর্জাতিক কৃষি বার্তা এ দেশের কৃষক, বিজ্ঞানী, গবেষক ও নীতিনির্ধারকদের মাঝে পৌঁছে দিতে।”

শাইখ সিরাজের চ্যানেলে মূলত কৃষি বিষয়ক কনটেন্ট আপলোড করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর জন্য সাবস্ক্রাইবার ছিল ২০ লাখ ১৭ হাজারের বেশি।

চ্যানেল আই-এর ‘হৃদয়ে মাটি ও মানুষ’ বাংলাদেশের টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। পাশাপাশি  ইউটিউবেও দেশে-বিদেশের অগণিত দর্শক দেখে থাকেন।

শাইখ সিরাজের কৃষি ভিত্তিক অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছ ছাদকৃষি, প্রবাসী বাঙালির আঙিনাকৃষি, ফিরে চল মাটির টানে, কৃষি ভিনদেশি, কৃষকের ঈদ আনন্দ, কৃষি বাজেট কৃষকের বাজেট, গ্রাম বাংলার এবং বিভিন্ন দেশের নানা ধরনের ফিচার।

ইউটিউব চ্যানেলটির অ্যানালিটিকস বলছে, ব্যবহারকারীরা গড়ে ৫ মিনিট এখানে ভিডিও দেখে। যার ওয়াচ টাইম ২ কোটি ৪৫ লাখ ঘণ্টা। অ্যানালিটিকস থেকে আরও জানা যায়, ২৪-৩৫ বছরের তরুণদের মাঝে চ্যানেলটি বেশি জনপ্রিয়।

১৯৮২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিটিভির অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’ উপস্থাপনার মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন শাইখ সিরাজ। ২০০৪ সালে ২১ ফেব্রুয়ারি চ্যানেল আই-এ শুরু হয় কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’। ২০১১ সাল থেকে যাত্রা শুরু হয় শাইখ সিরাজের ইউটিউব চ্যানেলের।

ইউটিউবের পাশাপাশি ফেইসবুকেও জনপ্রিয়। তার ভেরিফায়েড পেজ লাইক করেছেন ৩৮ লাখ ৬১ হাজার ১৬৪ জন। এ ছাড়া ইনস্টাগ্রাম, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ও জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার এএইচ বুর্মা পুরস্কারজয়ী এই সাংবাদিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত