করোনায় চাকরি হারিয়ে খাবার বিক্রি করছেন পাইলট (ভিডিও)

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০১:২৩ পিএম

করোনার ধাক্কায় বিপর্যস্ত পুরো বিশ্বের অর্থনীতি। দেশে দেশে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়ে বিমান সংস্থাগুলো। ফলে ছাঁটাইয়ের শিকার হতে হয় অনেক পাইলটকে।

নিউজ এইটিন জানায়, মালয়েশিয়ার নাগরিক আজরিন মোহাম্মদ জাওয়াহি এমনই একজন পাইলট। চাকরি হারিয়ে জীবিকার তাগিদে আকাশ থেকে রাস্তায় নেমে এসেছেন তিনি।

ছয় সদস্যের সংসার চালাতে রাজধানী কুয়ালালামপুরে খাবারের ছোট একটি দোকান খুলে বসেছেন ৪৪ বছর বয়সী এ ব্যক্তি।

তবে মজার ব্যাপার হচ্ছে ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে পাইলটের পোশাক পরেই সেবা দিচ্ছেন তিনি।

মাথায় কালো টুপি। গায়ে সাদা পোশাক। দূর থেকে দেখলেই বোঝা যাবে কোনও বিমানের চালক। কিন্তু কাছে গেলে দেখা যাবে, সেই পোশাকের উপর আবার রান্নার অ্যাপ্রোন। বিমানের কন্ট্রোলারের জায়গায় হাতে রান্নার সরঞ্জাম। পথচারী মানুষরাও আচমকা তাকে অবাক হয়ে যায়।

রাস্তার পাশে আজরিনের সেই রেস্তোরাঁর নাম কাপ্তান কর্নার। নুডলসসহ বিভিন্ন মালয়েশিয়ান ফুড নিজেই রান্না করেন চাকরিচ্যুত এ পাইলট। তার রান্নার হাতটিও কিন্তু দুর্দান্ত। তাই কয়েকদিনের মধ্যে বেশ সুনাম অর্জন করেন তিনি।

আজরিনের জীবনের এ ঘটনা জানা যায় সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। সেখানে একটি ভিডিও পোস্ট করেন তার স্ত্রী। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। এরপর আরও ক্রেতা জুটে যায় কাপ্তান কর্নারের।

চার সন্তানের জনক আজরিন এখন রীতিমতো সেলিব্রেটি। নেটিজেনদের অনেকেই তার এ সংগ্রামী জীবনের প্রশংসা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত