জন্মদিনে নন্দিত লেখক হুমায়ূন আহমেদকে স্মরণ করলেন শাকিব খান। তিনি বলেন, “স্যার, আপনি সবকিছুর ঊর্ধ্বে।”
শুক্রবার ভক্ত-অনুরাগীরা স্মরণ করছেন হুমায়ূনকে। তার জন্মদিন উপলক্ষে রাখা হয়েছে একাধিক অনুষ্ঠান।
এ দিনে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে ‘নন্দিত নরক’ লেখককে নিয়ে বললেন দেশের এক নম্বর নায়ক।
শাকিব খান বলেন, “শ্রদ্ধেয় স্যার, পাঠবিমুখ জনগোষ্ঠীর মনে বইয়ের প্রতি ভালোবাসা, বই পড়ার প্রতি আগ্রহ জন্মেছে আপনার লেখা বই পড়ে। আপনার সৃষ্ট চরিত্র হিমু, মিসির আলী, বাকের ভাই, শুভ্রসহ অসংখ্য চরিত্র অমর হয়ে থাকবে। গল্পকার-ঔপন্যাসিক পরিচয় ছাপিয়ে নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আপনি নন্দিত।”
আরও বলেন, “শিল্প-সংস্কৃতির যেখানে স্পর্শ করেছেন সেখানেই সাফল্য পেয়েছেন। তাই কোনো কিছু দিয়ে আপনাকে মূল্যায়ন করা সম্ভব নয়। স্যার, আপনি সবকিছুর ঊর্ধ্বে।”
“শারীরিকভাবে আপনি আমাদের মাঝে নেই। তারপরেও কোটি মানুষের মনে আছেন খুব বড় জায়গা জুড়ে। এটাই একজন নন্দিত লেখকের সার্থকতা। আপনি কত বড় লেখক তার প্রমাণ মৃত্যুর পরেও আপনার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। যুগের পর যুগ এভাবেই আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ করে যাবে কোটি বাঙালি”, এ কথাও বলেন শাকিব।
সবশেষে বলেন, “আপনাকে কোনো কিছু দিয়ে মূল্যায়ন করলেও হয়তো কম হয়ে যাবে। যেখানেই আছেন, শান্তিতে থাকুন স্যার। শুভ জন্মদিন।”
